১০:৩৫ পি.এম
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আলমগীর মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ২ হাজার ২০০ পিস ইলিশ, যা এক খ্যাওয়ে অর্থাৎ একবার জাল টানার ফলে ঘটেছে। এই ইলিশগুলোর মোট ওজন দাঁড়িয়েছে ৪৬ মণ।
শুক্রবার বিকালে এই মাছগুলো মহিপুর মৎস্য অবতরন কেন্দ্রের মনেয়ারা ফিস নামক একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। এমন সময়, ওই আড়তে স্থানীয় মানুষ এবং পাইকারদের ভিড় জমে যায়।
এর আগে বৃহস্পতিবার পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সাগরে মাত্র একবার জাল টানার পরেই এই মাছগুলি ধরা পড়ে।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ শুরু
মনোয়ারা ফিস সূত্রে জানা যায়, ধরা পড়া ৪৬ মণ ইলিশের মধ্যে ২৪ মণ ইলিশের ওজন ছিল এক কেজি বা তার বেশি। এই ইলিশগুলোর প্রতি মণ বিক্রি হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকায়। ফলে, প্রতি কেজি ইলিশের দাম পড়ে ২ হাজার ৮৭৫ টাকা। এ হিসাব অনুযায়ী, ২৪ মণ ইলিশ বিক্রি হওয়ায় মোট দাম দাঁড়িয়েছে ২৭ লাখ ৬০ হাজার টাকায়। অন্যদিকে, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ছিল ২২ মণ। এগুলোর প্রতি মণ দাম রাখা হয়েছে ৯৫ হাজার টাকা। ফলে, প্রতি কেজি ইলিশের দাম হয়েছে ২ হাজার ৩৭৫ টাকা। ২২ মণ ইলিশের মোট দাম হয়েছে ২০ লাখ ৯০ হাজার টাকায়। এসব ইলিশ বিভিন্ন পাইকারের কাছে নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে।
আলমগীর মাঝি বলেন, গত বৃহস্পতিবার ১৬ জন জেলেসহ একটি ট্রলার, এফবি জুনায়েদ নিয়ে, বঙ্গোপসাগরে গিয়ে পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় জাল ফেলেন। পরে একবার জাল টান দেওয়ার পরই ২ হাজার ২০০ পিস ইলিশ ধরা পড়ে। প্রায় ৫ বছর পর একসঙ্গে এত বড় চালানের ইলিশ পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।
মনোয়ারা ফিশের ম্যানেজার সগির আকন বলেন, এত বড় চালানের ইলিশ দীর্ঘদিন পর এসেছে, এবং বাজারে ইলিশের দাম বর্তমানে অনেক বেশি। ফলে, জেলেরা এবারে ভালো দাম পেয়েছেন। সাধারণত এত বড় আকারের ইলিশ একসঙ্গে পাওয়া যায় না।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, কিছুদিন আগে পর্যন্ত সাগরে ইলিশের খরা ছিল। কিন্তু বর্তমানে জেলেদের জালে অধিক পরিমাণে ইলিশ ধরা পড়ছে। এক ট্রিপে ৪৬ মণ ইলিশ ধরা পড়ার ঘটনায় উপকূলের জেলেদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তবে সামনে আরও বেশি ইলিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে জেলে, আড়তদার, এবং মৎস্য সংশ্লিষ্ট সকলেই লাভবান হবেন।
আরও পড়ুন: দুদক হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন