বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং
০৮:১৫ পি.এম
ভাগ্য পরিবর্তনের আশায় ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়লেও দালালচক্রের প্রতারণার শিকার হয়ে লিবিয়ায় আট মাস ধরে নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে শরীয়তপুরের ইয়ামিন সরদারকে। দীর্ঘ বন্দিদশা শেষে তিনি দেশে ফিরে আসতে সক্ষম হলেও একই জেলার অন্তত ১৯ তরুণের এখনো কোনো সন্ধান মেলেনি। তারা জীবিত নাকি মৃত— এ অনিশ্চয়তায় দিন পার করছেন তাদের স্বজনরা।
নিখোঁজদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে উদ্বেগ-উৎকণ্ঠা আরও বেড়ে গেছে। তারা মানবপাচারকারী দালালচক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার, নিখোঁজদের সন্ধান এবং নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
ইয়ামিন সরদার জানান, স্থানীয় দালাল জামাল বেপারীর মাধ্যমে তিনি লিবিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর তাকে একটি মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। এরপর শুরু হয় অমানবিক নির্যাতন। মারধর করে পরিবারের কাছে মুক্তিপণের টাকা দাবি করা হয়।
ইয়ামিনের ভাষ্য, আট মাস ধরে তাকে আটকে রেখে পরিবারের উপর টাকা পাঠানোর চাপ সৃষ্টি করা হতো। টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হতো। শেষ পর্যন্ত পরিবারের সদস্যরা জায়গা-জমি বিক্রি করে দুই দফায় মোট ২৭ লাখ টাকা পরিশোধ করলে গত মাসে তাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়।
দেশে ফিরে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসা নিতে হয়েছে ইয়ামিনকে। বর্তমানে কিছুটা সুস্থ হলেও তার শরীরজুড়ে নির্যাতনের অসংখ্য চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তাদের অভিযোগ, স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলেও দালালচক্রের প্রভাবের কারণে কোনো সমাধান হয়নি। তারা জামাল বেপারীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে জামাল বেপারী দাবি করেন, তিনি কাউকে বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত নন।
সম্প্রতি শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের তুলাতলা গ্রামে লিবিয়ায় নিখোঁজ ১৯ তরুণের স্বজনরা একত্রিত হয়ে তাদের দাবি তুলে ধরেন। সেখানে বাবা-মা, স্ত্রী, ভাই-বোন ও ছোট ছোট সন্তানদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। তাদের একটাই দাবি—নিখোঁজ স্বজনদের জীবিত ফিরিয়ে আনা হোক।
স্বজনদের অভিযোগ, মানবপাচারকারী চক্রের সদস্য রাশেদ খান, কামরুজ্জামান টুন্নু খা এবং তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে নিখোঁজদের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তাই দোষীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
নিখোঁজ রাশিদুল ইসলামের বাবা সেলিম জমাদ্দার জানিয়েছেন, ইতালিতে পাঠানোর আশ্বাস দিয়ে টুন্নু খা ও রাশেদ খান তার কাছ থেকে কয়েক দফায় ১৮ লাখ টাকা নেন। পরে লিবিয়ায় ছেলের নির্যাতনের ভিডিও দেখিয়ে আরও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ছেলেকে বাঁচানোর আশায় তিনি ২০ শতাংশ জমিও লিখে দেন। এরপরেও এক বছরের বেশি সময় ধরে ছেলের কোনো খোঁজ পাননি।
নিখোঁজ দিদার আকনের স্ত্রী আছিয়া বেগম জানিয়েছেন, তিনি যখন ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, তখন তার স্বামী লিবিয়ায় যান। সন্তানের জন্মের আগেই তিনি নিখোঁজ হয়ে যান। তার সন্তান আজও বাবাকে দেখেনি। তিনি শুধুমাত্র তার স্বামীকে ফিরে পেতে চান।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের চরযাদবপুর গ্রামের রাশেদ খান ‘লামিসা এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশে লোক পাঠানোর কাজ করতেন। তার সহযোগী ছিলেন জমজ ভাই কামরুজ্জামান টুন্নু খা। তাদের নেতৃত্বে একটি চক্র শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করে অবৈধ পথে ইতালি পাঠানোর নামে প্রথমে সংযুক্ত আরব আমিরাত, পরে মিসর হয়ে লিবিয়ায় পাঠাত।
২০২২ ও ২০২৩ সালে শরীয়তপুরের অন্তত ২২ তরুণকে এভাবে লিবিয়ায় নেওয়া হয়। তাদের পরিবারের কাছ থেকে ১২ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়। পরে কেউ লিবিয়ার কারাগারে, কেউ মাফিয়া চক্রের হাতে জিম্মি হন। নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারের কাছ থেকে আরও মুক্তিপণ আদায় করা হয়। গত বছরের ২১ ও ২২ মার্চের পর থেকে ওই যুবকদের অধিকাংশের সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ নেই।
ভুক্তভোগীদের অভিযোগ, দালালচক্র শুরুতেই পরিবারের কাছ থেকে ব্ল্যাংক চেক নিয়ে রাখত। মামলা করার চেষ্টা করলে সেই চেক ব্যবহার করে মিথ্যা মামলা ও হামলার ভয় দেখানো হতো। এ কারণে দীর্ঘদিন কেউ আইনের আশ্রয় নিতে সাহস পাননি। পরে ২০২৫ সালের ডিসেম্বরে রাশেদ খান ও তার সহযোগীদের বিরুদ্ধে শরীয়তপুর আদালত ও পালং মডেল থানায় অন্তত ১১টি মামলা করেন ভুক্তভোগীদের স্বজনরা। এরপর থেকেই তাদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে পুলিশ।
স্থানীয়দের দাবি, অবৈধ মানবপাচার চক্রের কারণে শরীয়তপুরের হাজারো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। কেউ পঙ্গু হয়ে দেশে ফিরেছেন, কেউ ফিরেছেন লাশ হয়ে, আবার অনেকে আজও নিখোঁজ। তাদের মতে, মানবপাচারকারী চক্রকে দ্রুত আইনের আওতায় এনে নিখোঁজদের সন্ধান নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা বন্ধে কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইশাক দার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা উপহার হিসেবে ৫ বক্স আম পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার পাকিস্তান হাই কমিশন থেকে এক কূটনৈতিক চিঠির মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই উপহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
কূটনৈতিক নোট অনুযায়ী, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী সেনেটর মোহাম্মদ ইশাক দার তাদের ঐতিহ্য ও সৌজন্যতার অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের জন্য এই আম উপহার দেন।
ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন থেকে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে উপহারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
উপমহাদেশের দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও কূটনৈতিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছর ফল মৌসুমে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীদের কাছে আমসহ উপহার সামগ্রী পাঠানোর এই ধারা দীর্ঘদিনের।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জামালপুরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু ঘটে গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ইসলামপুর রেলওয়ে স্টেশনের আউটারের এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানিয়েছেন, বিকেলে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনটি ইসলামপুর রেলস্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়েন। এ ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বলিউড রাজপুত্র শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে লন্ডনে একটি তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিগুলোর কারণে চলছে বিভিন্ন ধরনের আলোচনা।
প্রথম দিকে ওই তরুণীর পরিচয় জানা সম্ভব হয়নি, কিন্তু পরে নেটিজেনরা তার নাম শিল্পী ভিনি তাকাইর হিসেবে উল্লেখ করতে শুরু করেন।
ইন্সটাগ্রামে প্রকাশিত ছবিতে এবং ভিডিওতে দেখা যাচ্ছে, আরিয়ান এবং ভিনি লন্ডনের একটি ক্যাসিনো থেকে একসঙ্গে বের হচ্ছেন। যেখানে আরিয়ান সাধারণ পোশাক পরিধান করেছেন, আর ভিনি কালো রঙের পোশাক পরিধান করে আছেন।
ছবিগুলো প্রকাশ হওয়ার পর থেকে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা রকমের জল্পনা কল্পনা। অনেকেই জানতে চাইছেন, তারা কি শুধুমাত্র বন্ধু, নাকি তাদের মধ্যে কোনো বিশেষ সম্পর্ক বিদ্যমান রয়েছে।
এদিকে ছবিগুলো ভাইরাল হওয়ার পর ভিনি তার ইনস্টাগ্রামে লন্ডন ভ্রমণের বেশ কিছু ছবি পোস্ট করেন। যেখানে তিনি ক্যাপশনে লেখেন, "লন্ডন, তোমাকে ভালোবাসি।" এরপর থেকেই গুঞ্জন আরও তীব্র হয়ে ওঠে।
এছাড়া, ইনস্টাগ্রামে দেখা যায় আরিয়ান এবং ভিনি একে অপরকে ফলো করছেন। তবে তাদের মধ্যে প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি দুজনেই।
এর আগে আরিয়ানের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু আলোচনা সৃষ্টি হয়েছিল। অভিনেত্রী এবং মডেল লারিসা বোনেসির সাথে তার সম্পর্কের গুঞ্জনও উঠে এসেছিল। আরিয়ানের পোশাকের ব্র্যান্ড ডি’ইয়াভল এক্স-এর প্রচারণায় লারিসাকে দেখা গিয়েছিল। এছাড়া আরিয়ানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’-এর প্রিমিয়ারে তিনি উপস্থিত ছিলেন।
তবে সেই সময়ও আরিয়ান সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেননি। এবারো লন্ডনের ছবিগুলি ঘিরে চলমান আলোচনা সম্পর্কে শাহরুখপুত্র আরিয়ান নীরব রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন।
এই দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া মাদরাসাসংলগ্ন স্থানে।
নিহত ব্যক্তির নাম ইয়াছিন মিয়া (১৮), যিনি আচমিতা ইউনিয়নের ইন্দাইল চারিপাড়া গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে।
তথ্য অনুযায়ী, ইয়াছিন তার বন্ধুর মোটরসাইকেল নিয়ে পুলেরঘাট বাজারের দিকে রওনা হন। কিন্তু পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ইয়াছিনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদিন জানিয়েছেন, ইয়াছিন পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। তাঁর নিজস্ব মোটরসাইকেল ছিল না এবং বন্ধুর মোটরসাইকেল নিয়ে পুলেরঘাট বাজারে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। তারা মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করছেন।
তিনি আরও বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ