১২:০৮ এম
ফরিদপুরের ভাঙ্গায় একটি বাস দুর্ঘটনায় ঘটনাস্থলে অন্তত পাঁচজন নিহত এবং সাত জন আহত হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের সোয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনাগামী একটি ডিমের ট্রাক ঘটনাস্থলে এসে চাকা ফেটে সড়কের উল্টে পড়ে। ছড়িয়ে পড়া ডিম কুড়াতে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাদের ওপর দিয়ে চলে যায় দ্রুতগতির নড়াইল এক্সপ্রেসের নামের একটি বাস। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হয়েছেন অন্তত সাতজন।
এ ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ওই মহাসড়কে ছয়টি বাস–ট্রাকে আগুন দেয়। এর ফলে সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নিহতদের মধ্যে ডিমবাহী ট্রাকের চালকও রয়েছেন। এলাকাবাসী সূত্রে নিহত অপর তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন স্থানীয় লিটনের ছেলে জয়নাল (২৭), বাবলুর ছেলে আরিফ (২৭) এবং ওবায়দুর (৪০)। ওবায়দুরের বাবার নাম জানা যায়নি। নিহত আরেক জনের পরিচয় এলাকাবাসী দিতে পারেনি। ট্রাক চালক বাদে নিহত ও আহতরা সবাই সোয়াদী এবং তার আশেপাশের এলাকার বাসিন্দা। গুরুতর আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও ঢাকা পাঠানো হচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন: ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালউদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন