১২:০৯ পি.এম
কাজের প্রলোভন দেখিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে যাদের আটকে রাখা হয়েছিল, তাদের তিনজনকে গহীন পাহাড় থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজারস্থ র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
উদ্ধার হওয়া তিন ব্যক্তির নাম হলো জাকির আহাম্মদ (৪২), নুর হোসেন (২২) এবং আয়াত উল্যাহ (২২)। এ তিনজনই কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের লিংক রোড দক্ষিণ মুহুরীপাড়ার বাসিন্দা।
আরও পড়ুন: বরিশাল জেলা ছাত্রদলের নেতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক মন্তব্য করেন, ‘গত শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাত ব্যক্তিরা ভুক্তভোগীদের টেকনাফ বাসস্ট্যান্ড মোড়ে ডেকে নিয়ে আসেন। পরে তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে রাজারছড়া এলাকার করাচীপাড়ার গহীন পাহাড়ে নিয়ে জিম্মি করা হয়।’
তিনি আরও উল্লেখ করেন, অপহরণকারীরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছে মোবাইলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এ ঘটনার পর, ভুক্তভোগীদের পরিবার গত রোববার (১২ এপ্রিল) কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি জানতে পারার পর র্যাব অপহৃতদের উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করে।
আ. ম. ফারুক বলেছেন, ‘এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে টেকনাফ সদর ইউনিয়নের করাচীপাড়া সংলগ্ন গহীন পাহাড় এবং হ্নীলা বাজার এলাকায় সাঁড়াশি অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভুক্তভোগীদের ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যান। পরে অপহৃত জাকির আহাম্মদ, নুর হোসেন এবং আয়াত উল্যাহকে উদ্ধার করা হয়।’
উদ্ধার করা ভুক্তভোগীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এমনটি উল্লেখ করে র্যাবের এই কর্মকর্তা বলেন, পালিয়ে যাওয়া অপহরণকারীদের চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত রইছে।
আরও পড়ুন: বরিশালে স্কুল সংলগ্ন বাণিজ্য মেলা নিয়ে হাইকোর্টে রিট, ডিসি-জেলা ম্যাজিস্ট্রেটসহ ৯ জনের বিরুদ্ধে জনস্বার্থ মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন