০৩:২০ এম
নোয়াখালীতে একটি বসতবাড়ির নলকূপ দিয়ে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটে। এই নলকূপের মুখে দিয়াশলাই বা গ্যাসলাইট ধরাতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। উক্ত চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের সুরের বাড়ির আবদুল মতিন প্রায় এক মাস আগে তার বসতঘরের পাশে ৬০ ফুট গভীর একটি নতুন নলকূপ স্থাপন করেন।
নলকূপটির স্থাপনের পর থেকেই পানির সঙ্গে এক ধরনের গ্যাসের তীব্র গন্ধ আসতে থাকে। যে কারণে ওই পানি পান করা সম্ভব হয়নি। বিষয়টি পরীক্ষা করতে আবদুল মতিন এবং তার পরিবার সেখানে দিয়াশলাই ও গ্যাসলাইট জ্বালিয়ে পরীক্ষা করেন। তখন হঠাৎ করে নলকূপে আগুন জ্বলতে শুরু করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে আশপাশের উৎসুক জনতার ভিড় জমতে শুরু করে।
আরও পড়ুন: বরিশাল জেলা ছাত্রদলের নেতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ
বাড়ির মালিক আবদুল মতিন বলেন, 'নলকূপটি বসানোর পর পানির সঙ্গে গ্যাস বের হওয়ার বিষয়টি আমরা প্রথমে লক্ষ্য করি নি। গ্যাসের গন্ধের কারণে আমরা পানি পান করতে পারছিলাম না। পরে সন্দেহ হলে লাইটার জ্বালিয়ে পরীক্ষা করি এবং দেখি যে আগুন জ্বলছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, তাঁরা যেন দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করে এখানে আসলে কী রয়েছে তা দেখেন।'
এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, 'বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করব।'
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
