০৩:৩৪ এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে তাকে দেখা যাচ্ছে বক্সিং মেশিনে আঘাত করার সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের অসুস্থ মির্জা আব্বাসের নাম উল্লেখ করে মন্তব্য করতে। এই বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
সমালোচকদের ভাষ্যমতে, এ ধরনের আচরণ রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘনের শামিল। মতবিরোধী পক্ষের দাবি, রাজনীতিতে প্রতিপক্ষের প্রতি ন্যূনতম সম্মান ও সংযম বজায় রাখা উচিত।
এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন “প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ”। সংগঠনটি নাসীরুদ্দীন পাটোয়ারীকে এনসিপির “দুঃখ” হিসেবেও উল্লেখ করেছে।
আরও পড়ুন: দুর্গম দ্বীপে রোগীর প্রাণ বাঁচাতে চিকিৎসকদের আকাশ থেকে ঝাঁপ
সোমবার (৬ এপ্রিল) রাতে তারা একটি ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে জানায়, “নাসীরুদ্দীন পাটোয়ারীর একটা ভিডিও দৃষ্টিগোচর হয়েছে, যেখানে বক্সিং মেশিনে অসুস্থ মির্জা আব্বাস সাহেবের নাম বলে পাঞ্চ করে মকারি করতে দেখা গিয়েছে। এগুলো আমাদের কাছে স্পষ্টতই সীমালঙ্ঘন মনে হয়। জামায়াতের আমির হামজা সাহেব নারীদের নিয়ে, ভিন্ন ধর্ম নিয়ে বা ওয়াজে যেভাবে যা খুশি বলে, তেমনটা হচ্ছে।” তারা আরও বলেছেন, রাজনৈতিক ক্ষেত্রে জানা উচিত কোথায় গিয়ে থামা উচিত। নাহলে কদিন বাদে মানুষ বলতে শুরু করবে- চিনের দুঃখ যেমন হোয়াংহো, জামায়াতের দুঃখ যেমন আমির হামজা, এনসিপির দুঃখ তেমনি নাসীরুদ্দীন।
তবে, বিতর্কিত এ ঘটনার বিষয়ে নাসীরুদ্দীনের কোনও বক্তব্য এখনো জানা যায়নি। ভিডিওটি কবে, কোথায় ধারণ করা হয়েছে সেটি সম্পর্কেও কোনো তথ্য নেই। ভিডিওতে নাসীরুদ্দীনকে ন্যাড়া মাথায় দেখা গেছে। সম্প্রতি তিনি ওমরাহ পালনে গিয়ে মাথার চুল ফেলে দিয়েছেন। তাই নেটিজেনদের ধারণা, ভিডিওটি সাম্প্রতিক সময়ের।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন